ইসহাক ইসলাম জায়ান :
ফেলে দেওয়া পোড়া মবিলকে কাজে লাগিয়ে সাশ্রয়ী জ্বালানির নতুন এক চুলা তৈরি করে চমক সৃষ্টি করেছেন চাঁদপুরের মতলব উপজেলার স্থানীয় সিএনজি মেকার আক্কাস মিয়া। তার উদ্ভাবিত এই চুলা গ্যাসের বিকল্প হিসেবে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
সাধারণত যানবাহনের ব্যবহৃত পোড়া মবিল অপ্রয়োজনীয় বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়। সেই মবিল দিয়েই বিশেষ প্রযুক্তিতে আগুন জ্বালানোর ব্যবস্থা করেছেন স্বশিক্ষিত কারিগর আক্কাস মিয়া। নিজের অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে তিনি তৈরি করেছেন এই চুলা।
আক্কাস মিয়ার দাবি, প্রচলিত গ্যাসের তুলনায় এই চুলায় জ্বালানি খরচ অনেক কম। বাজারে প্রায় ৫০ টাকা কেজি দামের এক কেজি পোড়া মবিল দিয়ে এই চুলায় টানা প্রায় ৭ ঘণ্টা পর্যন্ত আগুন জ্বালানো যায়। এতে রান্নার খরচ কমানোর পাশাপাশি গ্যাসের ওপর চাপও কমবে বলে তিনি মনে করেন।
স্থানীয়রা জানান, পরিত্যক্ত একটি জিনিসকে কাজে লাগিয়ে এমন চুলা তৈরি করা প্রশংসনীয় উদ্যোগ। সঠিক সহযোগিতা ও প্রযুক্তিগত উন্নয়ন করা গেলে এটি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী জ্বালানির একটি কার্যকর মাধ্যম হতে পারে। এটিতে আধুনিক করার আগ পর্যন্ত যে কোনো হোটেল বা টি স্টলে ব্যবহার করা যেতে পারে। তবে বাসাবাড়িতে এটি ব্যবহারে গৃহীনিদের দক্ষ হয়ে উঠতে হবে।
আক্কাস মিয়ার তৈরি এই চুলা ইতোমধ্যে এলাকায় আগ্রহ তৈরি করেছে। স্থানীয় পর্যায় থেকে শুরু হওয়া এই উদ্ভাবন ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


