স্টাফ রির্পোটার:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ঈদুল আজহার সরকারি ছুটির সুযোগে সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিমের বিরুদ্ধে পৌরসভার সাহাপুর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের সড়কের দুই পাশের ১০টি সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়ার এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটির ফাঁকে গাছগুলো কেটে স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী সেকান্দারের কাছে বিক্রি করা হয়েছে। এই বিষয়ে কাঠ ব্যবসায়ী সেকান্দর বলেন, “সরকারি রাস্তার গাছ হওয়ায় আমি প্রথমে কিনতে চাই নাই। ঝামেলায় জড়াতে না চাইলে সেলিম ভাই, ইমাম মাষ্টারসহ আরো ৪/৫ জন আমাকে বলেন— তুমি গাছ ক্রয় করো, সকল ঝামেলা আমরা সমাধান করবো।
গাছ কাটার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি নেতা শেখ বেলায়েত হোসেন সেলিম বলেন, “সড়কটি আমি পৌরসভা থেকে লিজ নিয়েছি। সেখানে আমি প্রায় ৩০টি গাছের চারা রোপণ করেছিলাম। গাছগুলো মসজিদে দান করা হয়েছে এবং মসজিদ কর্তৃপক্ষই সেগুলো কেটে নিয়েছে।” এই বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)-কে অবহিত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
শাহরাস্তি উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা বন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, সড়ক থেকে গাছ কাটার জন্য উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির অনুমোদন প্রয়োজন। কিন্তু উক্ত সড়কের গাছ কাটার কোনো আবেদন তারা পাননি। তিনি আরও স্পষ্ট করেন, ব্যক্তি উদ্যোগে সড়কে গাছ লাগানো হলেও সরকারি অনুমতি ছাড়া তা কাটা সম্পূর্ণ অবৈধ। তদন্ত সাপেক্ষে এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) ও পৌর প্রশাসক মনিরা খাতুন বলেন, গাছ কেটে নেওয়ার বিষয়টি আমরা অবগত হয়েছি। বন বিভাগের সাথে আলোচনা করে খুব দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


