হাইমচরে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

হাইমচর প্রতিনিধি:

বিদ্যালয়ে যাওয়ার পথে ৮ বছর বয়সি তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ঈদ্রিস হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।
৭ জুন রবিবার হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শিশুটির জবানবন্দি অনুযায়ী, স্কুল যাওয়ার পথে ইদ্রিস তার পিছু নেয় এবং একপর্যায়ে নির্জন স্থানে জোরপূর্বক তার হাত ও মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে।

ভুক্তভোগী শিশু হাইমচরের জালিয়ার চর গ্রামের মো. আমজাদ মাঝি ও মালঞ্চ বেগমের কন্যা। সে জালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগী শিশুর পিতা কর্মসূত্রে ঢাকায় অবস্থান করেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশীরা প্রভাবশালী চক্রের ভয়ে মুখ না খুললেও ঘটনার পর দিনভর দফায় দফায় তথাকথিত সালিশি বৈঠকের নামে অপরাধটি ধামাচাপা দেয়ার চেষ্টা হয়। একবৈঠকে অভিযুক্তের ৫০ হাজার টাকা জরিমানা এবং ১০০ বার জুতার আঘাতের প্রহসনমূলক রায়ও দেয়া হয়।

শিশুটির মা মালঞ্চ বেগম বলেন, ‘আমি কোনো টাকা-পয়সা চাই না, আমি আমার সন্তানের সাথে হওয়া অন্যায়ের বিচার চাই।’

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, ‘এ ধরনের ঘটনা একটি গুরুতর এবং আপোষঅযোগ্য অপরাধ। কোনো ধরনের সালিশি দরবারের মাধ্যমে এই অপরাধের মীমাংসা সম্পূর্ণ বেআইনি, অবৈধ ও অগ্রহণযোগ্য। রাষ্ট্রীয় আইনি প্রক্রিয়ায় এর বিচার নিশ্চিত করাই একমাত্র পথ। যারা সামাজিকভাবে এই জঘন্য অপরাধের বিচার করার বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তদন্ত সাপেক্ষে তাদেরও আইনের আওতায় আনা হবে।’

হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান জানান, ভুক্তভোগী পরিবারের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে রাত ১১টা থেকেই পুলিশি তৎপরতা শুরু হয়েছে। অপরাধীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগী পরিবারকে নিয়মিত মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।