চাঁদপুরে বিশ্বকাপ ফুটবল-২৬ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

চাঁদপুর প্রতিনিধি:

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। অনেকেই বিভিন্ন দেশের দলকে সমর্থন করে। তবে আমাদের স্বপ্ন হওয়া উচিত একদিন বাংলাদেশের ফুটবল দলও বিশ্বকাপের মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্য দেশের নয়, একদিন বিশ্বকাপে বাংলাদেশের পতাকা নিয়েই আমরা উল্লাস করবো।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে।

শিক্ষার্থীদের ইতিবাচক মনোভাবের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, “শিক্ষাজীবনে প্রতিযোগিতার পাশাপাশি সহমর্মিতা, সৌহার্দ্য ও একে অপরকে উৎসাহিত করার মানসিকতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের প্রতিযোগিতায় একজন শিক্ষার্থী সঠিক উত্তর দেওয়ার পর তার পাশের সহপাঠীকে আন্তরিকভাবে বাহবা দিতে দেখেছি। এমন ইতিবাচক মনোভাব শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্মানবোধ ও খেলাধুলার প্রকৃত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি শিক্ষার্থীদের সবসময় একে অপরকে উৎসাহিত করার আহ্বান জানান।

ক্রিকেটের উদাহরণ টেনে তিনি আরও বলেন, “সময়ের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেছে। এখন আর অন্য দেশের দলকে সমর্থন করার প্রয়োজন হয় না, আমরা গর্বের সঙ্গে নিজেদের জাতীয় দলকেই সমর্থন করি। বাংলাদেশের ফুটবল নিয়েও আমাদের একই ধরনের আশা ও বিশ্বাস রয়েছে।

“উক্ত কুইজ প্রতিযোগিতায় চাঁদপুর পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ফুটবল বিতরণ করেন প্রধান অতিথি আহমেদ জিয়াউর রহমান।অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।