স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সেকদী এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি বসতঘর ও ঘরের মালামাল পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে ৮ নং বাগাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম সেকদী হাওলাদার বাড়ির বাসিন্দা মো. ওসমান হাওলাদারের (৩৫) টিনের চৌচালা কাঁচা বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে বসতঘরসহ ঘরের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।
সংবাদ পেয়ে চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ওসমান হাওলাদার পশ্চিম সকদী হাওলাদার বাড়ির মৃত শামছুল হক হাওলাদারের ছেলে।


