টাইব্রেকারে বাহাদুরপুরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মোল্লা ইমন ফুটবল একাদশ

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে চলমান ঐতিহ্যবাহী ‘মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’-এর প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে মোল্লা ইমন ফুটবল একাদশ। আজ শুক্রবার (১৯ জুন) বিকেলে অনুষ্ঠিত এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকারে বাহাদুরপুর ফুটবল একাদশকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করেছে দলটি।

নির্ধারিত সময়ের খেলায় আক্রমণ ও পাল্টা-আক্রমণে দুই দলই চমৎকার ফুটবল উপহার দেয়। রক্ষণভাগ ও গোলরক্ষকদের দারুণ নৈপুণ্যে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটে স্নায়ুযুদ্ধে ৪-৩ গোলের ব্যবধানে বাহাদুরপুর ফুটবল একাদশকে পরাজিত করে জয়ের উল্লাসে মাতে মোল্লা ইমন ফুটবল একাদশ। আর এই হারের মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাহাদুরপুর ফুটবল একাদশকে।

গ্রামাঞ্চলের এই রোমাঞ্চকর ফুটবল ম্যাচটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে। দর্শকদের তুমুল উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আজকের এই বিশেষ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী। টুর্নামেন্টটিতে সার্বিক পৃষ্ঠপোষকতা করছেন ড্যাবের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সরকারি অধ্যাপক ডা. বশির আহমেদ খান হৃদয়।

এছাড়াও ম্যাচ চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোসলেউদ্দিন উদ্দিন, শাহাদাত ভূঁইয়া, পৌর যুবদল নেতা আবু সাঈদ বেপারী, মনির হোসেন মোল্লা, নূরনবী মোল্লা, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজকরা জানান, বর্তমান তরুণ সমাজকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, মাদকমুক্ত সমাজ গঠন এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো নিয়েও স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।