হাইমচরে প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রির্পোটার:

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাকে ভালোবাসুন, প্রকৃতিকে রক্ষা করুন”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে এক প্রীতি ফুটবল ম্যাচ ও চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন “গ্রীন ভয়েস ইন্টারন্যাশনাল”। গতকাল শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার আলগী দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়。 মাঠের এই লড়াইয়ে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে এক জমজমাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আলগী দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা মুখোমুখি হয়। আক্রমণ ও পাল্টা-আক্রমণে ঠাসা এই টানটান উত্তেজনার খেলায় ব্রাজিল সমর্থকদের ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে জয় উল্লাসে মাতে আর্জেন্টিনা সমর্থক দল। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও সাংবাদিক হাসান আল মামুন। তাকে সহকারী হিসেবে সহযোগিতা করেন খেলোয়াড় সরদার মোঃ রাফি আমিন ও মোঃ ফিমন।

দলে যারা খেললেন আর্জেন্টিনা দল: মোঃ শরীফ, শাকিল, কাজী মামুন, রাব্বি, রিয়াদ হোসেন, সিএম জাকির, ইমন, শাহাদাত, সবুজ হোসেন, ইসমাঈল হোসেন, আল-আমীন ও মাসুম।

ব্রাজিল দল: এমরান, মনির, তুষার, মিজান, পিফান, সাদ্দাম, ইকরাম, মাহিম, রাশেদ, রহিম ও মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস ইন্টারন্যাশনালের প্রধান সমন্বয়ক অভি আহমেদ জুয়েল। খেলা শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আজ আমরা শুধু একটি ফুটবল ম্যাচ আয়োজন করিনি, আমরা আয়োজন করেছি একটি সচেতনতা আন্দোলনের। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। নদীভাঙন, অতিবৃষ্টি, তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড় আমাদের জীবনকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলছে। তাই এখনই সময় সচেতন হওয়ার। তরুণদের প্রতি আহ্বান—মাদক পরিহার করে খেলাধুলাকে ভালোবাসুন এবং জলবায়ু সুরক্ষায় প্রতিটি ঘরে অন্তত একটি করে গাছ লাগান।

খেলার মূল আকর্ষণ ছিল এর সমাপনী পর্ব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে গ্রীন ভয়েস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে খেলায় অংশ নেওয়া আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সকল খেলোয়াড়ের হাতে একটি করে ফলদ ও বনজ গাছের চারাগাছ তুলে দেওয়া হয়। সংগঠনের এই সময়োপযোগী ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়ামোদী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।