চাঁদপুরে মোবাইল কোর্টে ১৩ মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর সদর উপজেলায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে ১৩টি মামলায় মোট ১৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) জেলা প্রশাসন, চাঁদপুরের উদ্যোগে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং যানবাহনে উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অভিযোগে একাধিক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১৩টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই আদায় করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন থাকার পাশাপাশি আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপদ সড়ক ও শব্দদূষণমুক্ত চাঁদপুর গড়ে তুলতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।