মতলব উত্তরে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচজন কক্ষ পরিদর্শক শিক্ষককে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা গ্রহণ করে।

কেন্দ্র সূত্রে জানা যায়, পরিদর্শনকালে কয়েকজন পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। তারা পরীক্ষার হলে প্রবেশের সময় পরিহিত শার্টের ভেতরে লিখিত নকল বহন করে নিয়ে আসে। পরিদর্শনের সময় বিষয়টি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ছয়জন অনিয়মিত পরীক্ষার্থী এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত ছাত্রী রয়েছেন।

সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের সচিব মাসুদ পারভেজ পাঁচজন কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষাকেন্দ্রে অসদুপায়ের ঘটনা ঘটায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পাঁচ শিক্ষককে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় পরীক্ষার্থীদের কাছে হাতে-নাতে নকল পাওয়া গেছে। এজন্য বিধি মোতাবেক সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।