স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাইকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে স্থানীয় যুবদল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকারের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি চান্দ্রাকান্দি বেড়িবাঁধ এলাকা থেকে শুরু হয়ে বেলতলী বাজার, বদরপুর লেংটার মাজার, সাদুল্ল্যাপুর মোড়, আমিয়াপুর মোড়, পাঠানবাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বান্ডারিবাজারে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিএম মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির সরকার, যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, সদস্য ফয়েজ মেম্বার, সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হারুনুর রশীদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাইফুল মাস্টার, এবিএম মাসুদ রানা এবং সাদুল্ল্যাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান প্রধান।
বক্তারা বলেন, ইউনিয়নে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাঠে কাজ করলেও দলীয় সিদ্ধান্তই হবে চূড়ান্ত। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন এবং সেই প্রার্থীর পক্ষেই দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তারা আরও বলেন, সাদুল্ল্যাপুর ইউনিয়নের জন্য একজন সৎ, যোগ্য ও জনবান্ধব চেয়ারম্যান প্রয়োজন, যিনি দল-মত নির্বিশেষে সকল মানুষের উন্নয়নে কাজ করবেন এবং ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলবেন।
বক্তারা মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো ধরনের অপতৎপরতা বা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


