জুলাই শহিদ দিবসে ড্যাফোডিল কলেজে আলোচনা ও দোয়া

স্টাফ রিপোর্টার:

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদদের স্মরণে চাঁদপুরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের ডেপুটি ডিরেক্টর জাফর ইকবাল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপ, চাঁদপুরের কো-অর্ডিনেটর মো. মাহবুবুল হোসেন।

পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক রাবেয়া আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল, গণিত বিভাগের প্রভাষক মো. কামরুল হাসান এবং রসায়ন বিভাগের প্রভাষিকা আনোয়ারা সুলতানা। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মকে সেই চেতনা ধারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন কলেজের বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ জিহাদুল ইসলাম। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের নূরে নুসরাত, সাউদা আক্তার, মিজানুর রহমান এবং মানবিক বিভাগের রানিম ও প্রিয়া ধর।

প্রধান অতিথির বক্তব্যে জাফর ইকবাল খান বলেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহিদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।”

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুর খান শিক্ষার্থীদের ন্যায়, সততা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের শিক্ষা ও চেতনা ধারণ করেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের শহিদদের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশেষ অতিথি মো. মাহবুবুল হোসেন।