মেঘনা ভাঙন এলাকা পরিদর্শনে এমপি জালাল উদ্দিন

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের আওতাধীন ৬৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ, মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা এবং মতলব ব্রিজের অ্যাপ্রোচ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন। এ সময় তিনি নদীভাঙন রোধে স্থায়ী ও টেকসই সমাধানের আশ্বাস দেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার আমিরাবাদ এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ভাঙনের ভয়াবহতা, বেড়িবাঁধের ঝুঁকি এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন বলেন, মেঘনা নদীর ভাঙনে মতলবের মানুষ বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি শুধু একটি এলাকার সমস্যা নয়, হাজারো মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত। দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে নদীভাঙনের স্থায়ী সমাধান নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরে জনগণের পক্ষে কাজ করে যাচ্ছেন।

পরিদর্শনকালে ড. মো. জালাল উদ্দিন বলেন, মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে মানুষের ঘরবাড়ি, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়েছে। বিষয়টি তিনি জাতীয় সংসদে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এবং স্থায়ী নদীশাসন ও বেড়িবাঁধ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, নদীভাঙন একটি জাতীয় সমস্যা। এ সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এলাকাবাসীর স্বার্থ রক্ষায় তিনি সবসময় পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে মেঘনার তীব্র ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আরও বিস্তীর্ণ এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

পরিদর্শনকালে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।