স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে মরহুম আজিজ উল্যা স্মৃতি কম্পিউটার ল্যাবের উদ্বোধন, আলোচনা সভা, দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১০টি কম্পিউটারসমৃদ্ধ ল্যাবের উদ্বোধন করা হয়। এ কম্পিউটারগুলো অর্থায়ন করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী ইঞ্জিনিয়ার মো. নজমুল আহছান এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক ডা. মো. নেয়ামুল আহছান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পরিচালনা পর্ষদের সভাপতি মো. কামরুল আহছান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) মো. তানভীর হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ও সমাজসেবক মো. মাসুদ আহছান (রুম্মান) বলেন, শিক্ষার্থীদের গুণগত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তিনি ঘোষণা দেন, এ বিদ্যালয় থেকে আগামী এসএসসি পরীক্ষায় যে শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ অর্জন করবে তাকে একটি কম্পিউটার পুরস্কার দেওয়া হবে। তিনি আরও বলেন, নতুন কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষ করে তুলবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক বিদ্যোৎসাহী সদস্য মো. জাকির হোসেন (বাচ্চু), সহকারী প্রধান শিক্ষক মো. শহিদ উল্লাহ, অভিভাবক সদস্য মো. মহসিন আলম, মো. তাজুল ইসলাম জিলানী, মো. মিজানুর রহমান, অভিভাবক প্রতিনিধি মো. ফরিদ আহমেদ ও নুরজাহান বেগম এবং শিক্ষকদের পক্ষে গাজী উম্মে হাফসা। এছাড়া নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরাও বক্তব্য দেন।
আলোচনা শেষে ধর্মীয় শিক্ষক মাওলানা মো. তারেক বিন আমিন মিলাদ ও দোয়া পরিচালনা করেন। পরে মো. মাসুদ আহছান (রুম্মান) ও অন্যান্য অতিথিরা ফিতা কেটে কম্পিউটার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


