বাবুরহাটের ব্যবসায়ী সুমন খানের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের বাবুরহাট এলাকার পরিচিত ব্যবসায়ী ও মা মেটাল ওয়ার্কশপের স্বত্বাধিকারী সুমন খান সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার আট দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ জুলাই (বুধবার) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে মহামায়া এলাকার উদ্দেশে রওনা দেন সুমন খান। পথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের গোষেরহাট এলাকায় একটি নোয়া প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ নেওয়া হয়। সেখানে তার পায়ে অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে হঠাৎ স্ট্রোক করলে তার অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজ শেষে বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে দক্ষিণ আশিকাটি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সুমন খানের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ব্যবসায়ী মহল ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।