স্টাফ রির্পোটার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অলিপুরে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তি স্থানীয়ভাবে ‘মাদক সম্রাট জনি’ নামে পরিচিত বলে দাবি করেছেন এলাকাবাসী। তিনি মোহনপুর ইউনিয়নের আবুল কাশেমের ছেলে।
স্থানীয়দের দাবি, অলিপুর এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত বিল্লালের বাড়ি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধারের পর তা রাস্তার পাশে কীভাবে গেল—এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
নিহতের মৃত্যু স্বাভাবিক, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে—তা নিয়েও এলাকায় আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে ঘটনাটি ঘিরে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও তদন্ত শেষ হওয়ার আগে কোনো বিষয়কে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এবং লাশ রাস্তার পাশে আসার বিষয়টি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।


