স্টাফ রিপোর্টার:
শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ বিস্তার ও অপব্যবহার থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কচুয়ার জগতপুর উচ্চ বিদ্যালয়ে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল বিষয়ে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ ও শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। কৌতূহল কিংবা সঙ্গদোষে তারা যাতে মাদকের দিকে না ঝুঁকে, সে জন্য স্কুল-কলেজ পর্যায় থেকেই ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপে মাদক নির্মূল সম্ভব নয়। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলা, বই পড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার পরামর্শ দেন তিনি।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মাদক নির্মূলে সামাজিক সচেতনতাই আইনি পদক্ষেপের চেয়ে অধিক কার্যকর’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের দুটি দল পক্ষে-বিপক্ষে অংশ নিয়ে যুক্তি ও তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করে। বিচারকরা শিক্ষার্থীদের যুক্তি, সচেতনতা ও বাচনভঙ্গির প্রশংসা করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক আশরাফপুর ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহি সুভাষের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, পরিদর্শক আবু রেজা মেহেদী হাসান, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হকসহ অনেকে।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির শপথ নেন এবং মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেন।


