খেলাধুলাই তরুণদের মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখে: আবুল কালাম আজাদ

স্টাফ রির্পোটার:

তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. আবুল কালাম আজাদ বলেন, খেলাধুলা মানুষের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকে প্রফুল্ল ও উদার করে। মাঠের খেলায় একজন তরুণ শৃঙ্খলা ও নিয়ম মেনে চলতে শেখে। পাশাপাশি পরাজয় মেনে নিয়ে আবার ঘুরে দাঁড়ানোর সাহস অর্জন করে। তাই নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুন্দর, সুস্থ ও আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, কাছিয়াড়ার মতো এলাকায় এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন প্রশংসনীয়। এর মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে এবং তারা একদিন জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে। ফরিদগঞ্জের প্রতিটি প্রান্তে খেলাধুলার এই প্রাণস্পন্দন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ফখরুল পাঠান এবং ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জিয়া।

উদ্বোধনী ম্যাচে একুশে ক্লাব চাঁদপুর ও ৯ নম্বর গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। ম্যাচ ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের মূল লক্ষ্য শুধু প্রতিযোগিতা নয়; তরুণদের মাঠমুখী করা এবং এলাকার ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা। তাদের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে মাদক ও সামাজিক অবক্ষয়মুক্ত সুস্থ প্রজন্ম।