স্টাফ রিপোর্টার:
নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজনের নানা কর্মসূচির অংশ হিসেবে (২৫ আগস্ট ২০২৬) মঙ্গলবার বিকাল ৩টায় চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে সেরা ৫ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে সেরা শিক্ষার্থীদের মাঝে চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন- আমাদের সবাইকে নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে এগিয়ে যেতে হবে। সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে বিদ্রোহী কবি বরাবরই সোচ্চার ছিলেন। তিনি আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। নজরুলের এই আদর্শে আমাদের সকলকে সামনে এগিয়ে যেতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারী।
সেরা শিক্ষার্থী পুরুস্কারপ্রাপ্তরা হলেন সাদিয়া আক্তার, রাফ রাফিন, ইন্নি আক্তার, মাশতুরা আক্তার মেধা ও মুজাহিদুল ইসলাম এছাড়াও অন্যান্য শিক্ষার্থীদের মাঝে ‘জানা-অজানা নজরুল’ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ, নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজনের অংশ হিসেবে (২৫ আগস্ট ২০২৬) সেরা শিক্ষার্থী পুরুস্কার প্রদান ছিলো ৬ষ্ঠ আয়োজন।


