ভোটকেন্দ্র স্থানান্তরের নোটিশে ফরিদগঞ্জে এলাকাবাসীর বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের ফরিদগঞ্জে ভোটকেন্দ্র স্থানান্তরের শুনানির নোটিশে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার বিকেলে উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ৪০ বছরেরও বেশি সময় ধরে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ কেন্দ্রে প্রায় ২ হাজার ভোটার রয়েছেন। মঙ্গলবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তারা জানতে পারেন, কেন্দ্রটি স্থানান্তরের বিষয়ে বৃহস্পতিবার চাঁদপুর জেলা নির্বাচন অফিসে শুনানি অনুষ্ঠিত হবে।

তাদের দাবি, কেন্দ্রটির কোনো ভোটার ভোটকেন্দ্র স্থানান্তরের বিষয়ে মৌখিক বা লিখিত দাবি জানাননি। এরপরও কেন্দ্রটি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। বক্তারা এ উদ্যোগের তীব্র প্রতিবাদ জানান এবং জনমত উপেক্ষা করে কেন্দ্র স্থানান্তর করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

তারা আরও বলেন, এলাকার মানুষের মতামত বিবেচনায় নিয়ে ভোটকেন্দ্র স্থানান্তরের আবেদন বাতিল করা উচিত।

মানববন্ধনে বক্তব্য দেন গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন খান, ইউনিয়ন জামায়াত সভাপতি রোকন উদ্দীন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সভাপতি মাহবুব আলম খান, ইউনিয়ন যুবদল নেতা রাশেদ আইয়ুব হেলাল, স্থানীয় পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম মাল, ব্যবসায়ী দুলাল তালুকদার, বিল্লাল মিজি, ফারুকুল ইসলাম মাল ও মোস্তফা খান বাবুলসহ স্থানীয়রা।

মানববন্ধন শেষে এলাকাবাসী বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।