বাংলা একাডেমিতে ‘ফোকলোর প্রশিক্ষণ কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের লোকঐতিহ্য ও লোকসংস্কৃতি সংরক্ষণ এবং ফোকলোর গবেষণায় নতুন প্রজন্মের গবেষকদের উৎসাহিত করতে বাংলা একাডেমিতে দিনব্যাপী ‘ফোকলোর প্রশিক্ষণ কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলা একাডেমির ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগের উদ্যোগে একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলের ফোকলোর গবেষণায় আগ্রহী ৪০ জন গবেষক কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. তপন কুমার বাগচী। শুভেচ্ছা বক্তব্য দেন ফোকলোর উপবিভাগের উপপরিচালক ড. সাহেদ মন্তাজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। তিনি বলেন, ফোকলোর বাংলাদেশের দেশজ ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম ধারক। নতুন প্রজন্মের গবেষকদের ফোকলোর বিষয়ে ধারণা দিতে বাংলা একাডেমির এ ধরনের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. তপন কুমার বাগচী বাংলাদেশের ফোকলোরচর্চার ঐতিহ্য ও বর্তমান প্রবণতার পাশাপাশি ফোকলোর গবেষণায় মাঠসমীক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ড. সাহেদ মন্তাজ ফোকলোর গবেষণায় নতুন প্রজন্মের গবেষকদের আরও সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অধ্যাপক মোহাম্মদ আজম বাংলাদেশের লোকঐতিহ্য ও লোকসংস্কৃতি সংরক্ষণে ফোকলোরচর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা লোকজ জ্ঞান, বিশ্বাস, আচার-অনুষ্ঠান, গান, গল্প, প্রবাদ-প্রবচনসহ লোকসংস্কৃতির বহুমাত্রিক উপাদান সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী কর্মশালায় ফোকলোরের ধারণা, পরিধি, পরিচিতি ও গুরুত্ব; ফোকলোরচর্চা ও বাংলা একাডেমিসহ ফোকলোর গবেষণার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।