স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) কলেজের অডিটোরিয়ামে ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে এ আয়োজন করা হয়। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মাসুদ হোসেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. মহি উদ্দিন, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আফসার আলী শিকদার, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোসা. আবজম খানমসহ শিক্ষকরা।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সত্যবাদী ও আল-আমিন। তিনি মানবজাতির জন্য হেদায়াতের আলো ও পরিপূর্ণ জীবনব্যবস্থা ইসলাম নিয়ে এসেছেন। শিক্ষার্থীরা মহানবীর জীবন ও কর্ম অনুসরণ করে সত্যিকার মানুষ হিসেবে গড়ে উঠবে—এটাই প্রত্যাশা।
আলোচনা শেষে হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান মিয়ার পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও গার্লস ইন রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।


