সন্ত্রাস বিরোধী মামলায় অ্যাডঃ হেলাল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। রোববার (৩০ আগস্ট) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় তার নিজ চেম্বারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কচুয়া থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট পালনকে কেন্দ্র করে কচুয়া উপজেলার পালাখাল এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ ঘটনায় কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তাহের মোল্লা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯, ১০ ও ১২ ধারায় একটি মামলা করেন। মামলায় অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এজাহারনামীয় ২৩ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে কচুয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।