স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি কসমেটিকস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) চাঁদপুর শহরের মদিনা শপিং কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিদেশি কসমেটিকস পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, লাগেজ পণ্য বিক্রি, পণ্য ক্রয়ের রশিদ না রাখা এবং সংশ্লিষ্ট বিষয়ে একাডেমিক যোগ্যতা ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্বক ও বিভিন্ন পণ্য বিষয়ে পরামর্শ দেওয়ার অভিযোগে কসমেটিকস ওয়ার্ল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এ জরিমানার আদেশ দেন।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করে। পরে প্রতিষ্ঠানটির কর্ণধার ছাদিউর রহমান ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


