রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যবসায়ী ও সৌদি প্রবাসী মোঃ ইলিয়াস খানের সভাপতিত্বে এবং মাদ্রাসার পরিচালক মোঃ ইয়াছিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম পারভেজ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম পারভেজ বলেন, দ্বীনি শিক্ষার আলো সমাজ থেকে অনৈতিকতা ও অন্ধকার দূর করতে কার্যকর ভূমিকা রাখে। কোরআনি শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ হারুন খান, হাজী মোঃ মফিজুল ইসলাম খান, প্রবাসী মোঃ জাকির হোসেন এবং শাশিয়ালী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু মূসা।

আলোচনা সভা শেষে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, এলাকাবাসী ও মাদ্রাসার সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।