স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
আজ ২ দিনের সফরে চাঁদপুরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি প্রথম দিন শুক্রবার (৫ জুলাই) সকাল ৯ টায় হেয়ার রোডস্থ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। পরে তিনি সকাল সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলার কালী ভাংতি এলাকায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীন চাঁদপুর পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এরপর বিকেল ৪ টায় মন্ত্রীর জেএম সেনগুপ্ত রোডস্থ নিজ বাসভবনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক, ক্যান্সার কিডনি রোগের চিকিৎসার আর্থিক সাহায্য ও মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ এবং গরিব অসহায় দুঃস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করবেন। সন্ধ্যা ৭টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জয়ধ্বনি সংগীত বিদ্যায়তনের একযুগ পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর রাত ৮টায় মন্ত্রীর জেএম সেনগুপ্ত রোডস্থ নিজ বাসভবনে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করবেন।
দ্বিতীয় দিন শনিবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বেলা ১২টায় তিনি চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।


