স্টাফ রিপোর্টার
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে জেলার স্বনামধন্য এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাথে বিগত পূর্বের ৪ (চার) বছরের ফলাফল পর্যালোচনা করা হয়।
পর্যালোচনা সভায় ২০২৬ সালের ফলাফলের বিস্তারিত উপাত্ত উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, এ বছর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৯৬.৬৭% ও জিপিএ-৫ অর্জন করে ১০৭ জন এবং চাঁদপুর সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয় পাসের হার ৮৯.৬৬% ও জিপিএ-৫ অর্জন করে ৫৬ জন। সভায় বিগত ৫ বছরের ফলাফলের ধারাবাহিকতা, সাফল্য ও দুর্বলতার জায়গাগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়।
সভায় সভাপতি ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান চাঁদপুরের শিক্ষার মান অধিকতর উন্নয়নে এবং শিক্ষকদের কোচিং বাণিজ্যের সাথে সম্পৃক্ততা বন্ধে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পাঠদানের মূল কেন্দ্র হতে হবে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ।
একই সাথে, উপস্থিত শিক্ষকমণ্ডলীও শিক্ষার মান বাড়াতে তাদের মূল্যবান মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদানকে আরও কার্যকর করা, অভিভাবক সমাবেশ জোরদার করা এবং প্রশ্ন প্রণয়ন ও মূল্যায়ন পদ্ধতিতে স্বচ্ছতা আনার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। শিক্ষা প্রতিষ্ঠানে কো-কারিকুলার কার্যক্রম চালু রাখা ও বৃদ্ধি করা এবং শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষ যৌথভাবে বিশ্বাস করে যে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে চাঁদপুরের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দুটি ফলাফলের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি শিক্ষার গুণগত মান অর্জনে আরও এক ধাপ এগিয় যাবে।


