হাইমচরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

হাইমচর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহমুদুর রহমান পাটোয়ারী ওরফে রাহুল (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টায় উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর গন্ডামারা এলাকার মক্তব মসজিদের সামনে থেকে তাকে আটক করে হাইমচর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলমের দিকনির্দেশনায় এসআই প্রিয়লাল ঘোষ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন রাহুলের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় হাইমচর থানায় মামলা দায়ের করা হয়েছে।

হাইমচর থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে সোমবার (২ নভেম্বর) যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।