স্টাফ রিপোর্টার
শাহরাস্তিতে কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়ন আয়নাতলি-পুটিয়ায় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামসুজ্জামান।
জানা গেছে, অভিযানে অনুমোদনবিহীন ভাবে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি/বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এতে অবৈধ ড্রেজারের মাধ্যমে কৃষি জমির টপ সয়েল থেকে মাটি কাটার অপরাধে অভিযুক্ত জামাল হোসেন (৬০) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উক্ত ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। ড্রেজারের মাধ্যমে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


