স্টাফ রিপোর্টার
ক্যান্সারে আক্রান্ত হয়ে সহধর্মিণী শিক্ষিকা আয়েশা বেগম না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মাত্র তিন মাস আগে। মাতৃহীন তিন বছরের কোলের অবুঝ সন্তান আব্দুর রহমানকে একা বাড়িতে রেখে স্কুলে আসার উপায় ছিল না শিক্ষক পিতা আব্দুল কাদেরের। সেজন্য স্ত্রীর মৃত্যুর পর প্রতিদিন ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়েই তিনি স্কুলে এসেছিলেন। বারান্দায় ছেলেকে খেলতে দিয়ে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত ছিলেন আব্দুল কাদের। কিন্তু সেই চঞ্চল শিশুটি খেলার ছলে পানিতে পরে গিয়ে জীবনপ্রদীপ নিভে যাবে কে জানতো।
খেলার ছলে সবার অজান্তে স্কুল ভবন থেকে বের হয়ে সামনের পুকুরে পড়ে ডুবে প্রাণ প্রদীপটা চিরতরে নিভে গেল। আব্দুল কাদের স্ত্রীকে হারানোর শোকের ক্ষত না শুকাতেই চোখের সামনে অবুঝ সন্তানকে হারিয়ে এখন পাথর হয়ে গেছেন শিক্ষক আব্দুল কাদের।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদগঞ্জ উপজেলার সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে এ মর্মান্তিক মৃত্যুর দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান উপজেলার সকদিরামপুর গ্রামের বাসিন্দা ও সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদেরের কনিষ্ঠ সন্তান। শিশুটির প্রয়াত মা আয়েশা বেগমও গোবারচিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে আব্দুর রহমান সবার ছোট। মায়ের মৃত্যুর পর অবুঝ শিশুটিকে বাড়িতে দেখাশোনার কেউ না থাকায় বাবার কর্মস্থল সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণই হয়ে উঠেছিল তার খেলার নিরাপদ ঠিকানা। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও বাবার সঙ্গে হাসিমুখে স্কুলে এসেছিল শিশুটি।
বাবা শ্রেণীকক্ষে পাঠদান চলাকালে শিশুটি স্কুলের বারান্দায় খেলা করতে দিয়েছিলেন। কিছুক্ষণ পর ছেলের সাড়াশব্দ না পেয়ে ক্লাসরুম থেকে বের হয়ে খোঁজ নিতে গিয়ে দেখতে পান, স্কুলের পুকুরের পানিতে সন্তানের নিধর দেহ ভেসে আছে।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় শিক্ষক বাবার পৃথিবী।
মাত্র তিন মাস আগে সহধর্মিনীকে হারানো আব্দুল কাদেরের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে সকদিরামপুর গ্রাম ও বিদ্যালয় প্রাঙ্গণ। স্ত্রীর কবরের মাটি শুকাতে না শুকাতেই অবুঝ সন্তানের এমন অকাল বিদায় মেনে নিতে পারছেন না সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।


