স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে আইনি পরামর্শ নিয়ে বাড়ি ফেরার পথে আফসার উদ্দিন (৭০) নামে এক ব্যক্তির ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত হামলার অভিযোগ উঠে। আফসার উদ্দিন ফরিদগঞ্জ পৌরসভার কাছিয়াড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিনি বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর (সোমবার) রাতে ফরিদগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগের আলোকে পুলিশ মোঃ জাকির হোসেন (৬০) নামে এক আসামিকে আটক করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার কাছিয়াড়া গ্রামের মাহমুদ হোসেন দীর্ঘদিন ধরে আফসার উদ্দিনকে রাস্তাঘাটে কটূক্তিমূলক আচরণ করে আসছিল। গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে আফসার উদ্দিন ফরিদগঞ্জ থানা থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা জাকির ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র, ছুরি, লাঠি এবং লোহার রড নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তিনি রাস্তায় পড়ে গেলে মাহমুদ হোসেন তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং তার সাথে থাকা অন্যরা শরীরের আঘাত জখম করে। এসময় তারা আমার সাথে থাকা মোবাইল, ঘড়ি ও টাকা নিয়ে যায়।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


