মতলবে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান মিয়াজীর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার

মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়াজী (৩৫) মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দেড় বছর বয়সের ১ সন্তান এবং মা, ভাইবোনসহ অসংখ্য আত্বীয় স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। সে মতলব পৌরসভার উত্তর বাইশপুর গ্রামের মরহুম আলী হোসেন মিয়াজীর ৬ ছেলে ১ মেয়ের মধ্যে সবার ছোট শাহজাহান মিয়াজী। সে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় তার একমাত্র সন্তানকে নিয়ে নিজ ঘরে খেলা করছিল। হঠাৎ করে শাহজাহান মিয়াজী একটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। সাথে সাথে বাড়ির লোকজন তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক বলেন, স্ট্রোক জনিত কারণে অর্থাৎ হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায় সে।

খবর পেয়ে তাকে দেখতে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন পেশার লোকজন ছুটে যান।
এসময় উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলসহ সকল সংগঠনের পক্ষ থেকে মরহুম শাহজাহান মিয়াজীর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে মঙ্গলবার বিকাল ৫টায় উত্তর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের ভাতিজা হাফেজ শিহাব উদ্দিন মিয়াজী। জানাজা শেষে মরহুমের জন্য চাঁদপুর জেলা, মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জানাজার পূর্বে মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকারের পরিচালনায় সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সরকার, মতলব পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের শামসুল আলম সূর্য, মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ শাহ গিয়াস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, সদস্য সচিব নাসির মিয়াজী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান। এছাড়া পরিবারের পক্ষে বক্তব্য রাখেন টুকু ফরাজী ও মরহুমের ভায়রা ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।

ড. মো. জালাল উদ্দিন এমপির শোক

মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়াজীর মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।