শাহতলীতে মাদক ডিলার শান্ত ইয়াবাসহ আটক

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীতে মাদক ডিলার শান্ত কারীকে (৩৪) ইয়াবাসহ হাতে-নাতে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। গতকাল ১৬ সেপ্টেম্বর বিকেলে এলাকাবাসীর সহযোগিতায় চাঁদপুর মডেল থানার এ এস আই রাসেল তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত শান্ত ওই এলাকার মৃত রহিম কারীর ছেলে।

এদিকে তাকে আটক করার বিষয়টিকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। তার সাথে জড়িত অন্যান্য মাদক ডিলারদের ও সেবনকারীদের গ্রেফতারের দাবি জানান তারা।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ জানান, এলাকাবাসী শান্ত কারী নামে এক মাদক ডিলারকে শাহতলীতে আটক করে আমাদের খবর দেয়। আমরা পুলিশ ফোর্স পাঠিয়ে তাকে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় শান্ত কারী একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে তোলে। সন্ধ্যা নামলেই কয়েকটি মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে মাদক ব্যবসা চালিয়ে যায় সে।
এদিকে শান্তর সাথে মাদক কারবারে জড়িতদের গ্রেপ্তারের জন্য চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, পুলিশ সুপার, চাঁদপুর মডেল থানার ওসি, গোয়েন্দা পুলিশ ও মাদকদ্রব্য অধিদফতরের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।