স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলাকায় নিজ ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলাকার পশ্চিম সাপদি গ্রামের সেফায়েত উল্লাহ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল্লাহ ওই বাড়ির সেফায়েত উল্লাহর একমাত্র ছেলে।
শুক্রবার রাতে নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন হাসিবুল্লাহ। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাত ৮টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ নিহত হাসিবুল্লাহর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।


