স্টাফ রিপোর্টার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আয়মান নামে তিন বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সেকদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়মান ওই গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আয়মান বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা দীর্ঘসময় তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে বেলা সাড়ে ১২টার দিকে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক নাজমুল হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


