স্টাফ রিপোর্টার
সিলেট-ঢাকা মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকা ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চাঁদপুরের দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-চ-৭১-২৯৪৯) সঙ্গে সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৯-৫০৫৩) এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার (সুনামগঞ্জ-থ-১১-৪৮৪৪) ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে হাইয়েস মাইক্রোবাসের যাত্রী চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের সোহেল আহমদ (৪৭) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চাঁদপুরের আরেক বাসিন্দা খায়রুজ্জামান পিপল।
নিহত খায়রুজ্জামান পিপল চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে চাঁদপুর শহরের পুরাতন আদালত পাড়ায় বসবাস করতেন। তিনি চাঁদপুর ড্রামার দপ্তর সম্পাদক ও একজন নাট্যকর্মী ছিলেন। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এর আগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।চাঁদপুরের দুই ব্যক্তির এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁদের পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে নাট্যকর্মী খায়রুজ্জামান পিপলের মৃত্যুতে তাঁর সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।


