স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে জহির (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জহির ওই গ্রামের প্রধানিয়া বাড়ির হাসান প্রধানিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহির বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আসিবুল আহসান চৌধুরী আসিব পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


