স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্যাপন উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলায় পূজামণ্ডপগুলোর অনুকূলে ডিও বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনায় সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও আয়োজকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। হাইমচরের দীর্ঘদিনের সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য ধরে রেখে সবাইকে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে হবে। সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে পূজামণ্ডপগুলোর আয়োজন সম্পন্ন করার আহ্বানও জানান তিনি।
পূজামণ্ডপগুলোর অনুকূলে সরকারি সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, সরকার ধর্মীয় উৎসবগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকে। সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে পূজামণ্ডপগুলোর আয়োজন সম্পন্ন করতে হবে। একই সঙ্গে উৎসবের পবিত্রতা, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার, কমলাপুর দুর্গাপূজা মণ্ডপ শংকর ঘোষ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, ৬টি দুর্গাপূজা মন্ডপের নেতৃবৃন্দ ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ক্যাপশন
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্যাপন উপলক্ষে হাইমচর উপজেলায় পূজামণ্ডপগুলোর অনুকূলে ডিও বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।


