স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাট শাখার ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ অক্টোবর (শনিবার) বেলা সাড়ে ১২টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাবুরহাট শাখার মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী শিক্ষার উন্নয়নে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছেন। শিক্ষামন্ত্রী শিক্ষকদের অবসর সুবিধা প্রদানের বিষয়ে অত্যন্ত আন্তরিক। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা প্রাপ্তির ভোগান্তি কমাতে সরকার অবসর সুবিধা বোর্ডকে ৩ হাজার ৮০০ কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টকে ৪০০ কোটি টাকার বন্ড প্রদান করেছে। এ ছাড়া শিক্ষকদের যেন আর অফিসে অফিসে ঘুরতে না হয়, সে জন্য সরাসরি ইএফটির মাধ্যমে অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হিসেবে এই বোর্ড ও ট্রাস্টকে মূল বাজেটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও সরকারের রয়েছে। সরকার শিক্ষানীতি ও বাজেটে কাঠামোগত পরিবর্তন এনেছে।
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থাপনায় ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। এটি এমন একটি শিক্ষণপ্রক্রিয়া, যেখানে শিক্ষার্থীরা ভয় বা চাপ ছাড়াই আনন্দের সঙ্গে জ্ঞান অর্জন করে। শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির মতো আধুনিক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আধুনিক শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও দীর্ঘস্থায়ী শিক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাবনাকে বাস্তবায়ন করতে হবে। দক্ষ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব স্থাপনসহ শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে ডিজিটাল সাক্ষরতা ও কোডিং শিক্ষা তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
মাউশির মহাপরিচালক বলেন, ঢাকায় ১২তম জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হবে। এই আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে দেশ-বিদেশের কয়েক হাজার রোভার স্কাউট, ইউনিট লিডার ও স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করবেন। আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ স্কাউটস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করছে। স্কাউটিংয়ের মূলমন্ত্র হলো তরুণ সমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, যা একটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। চাঁদপুর যেহেতু আমার জেলা, তাই এ জেলা থেকেও সর্বাধিকসংখ্যক রোভার স্কাউট অংশগ্রহণ করুক, সেটি আমি চাই। প্রয়োজনে চাঁদপুরের জেলা প্রশাসক এ বিষয়ে সহযোগিতার ব্যবস্থা নেবেন।
তিনি আরও বলেন, শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং তাদের মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে। তাদের মধ্যে পারিবারিক ও মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে টেকনিক্যাল ফোর্স গঠন করা হবে, যাতে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অর্জন করে নিজের পায়ে দাঁড়াতে পারে। শিক্ষার্থীদের আচার-আচরণে নমনীয় হতে হবে এবং দেশের কল্যাণে কাজ করার উপযোগী হিসেবে তাদের গড়ে তুলতে হবে।
চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব মো. মোশাররফ হোসেন লিটন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এস. আই. এম. জাহানইয়ার।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সালাম দেওয়া ও নেওয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও সেতুবন্ধন তৈরি হয়। রাজরাজেশ্বরে আমরা ১০ জন শিক্ষকের থাকার ব্যবস্থা করেছি। কারণ, সেখানে নদী পাড়ি দিয়ে যেতে হয়।তিনি বলেন, শনিবার পরিচ্ছন্নতা দিবস নির্ধারিত রয়েছে। যেহেতু বিদ্যালয়গুলো শনিবার বন্ধ থাকে, তাই বৃহস্পতিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। মাদক, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে হবে। শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মাধ্যমে এটি সম্ভব নয়। সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, সব সময় শিক্ষকদের সম্মান করতে হবে। আমরা এখনো আমাদের শিক্ষকদের স্মরণ করি। শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা, গল্প-উপন্যাস পড়া ও গান শেখাসহ বিভিন্ন বিষয়ে পারদর্শী হিসেবে গড়ে তুলতে হবে। জাতির টেকসই উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। তাই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষকদের শ্রেণিকক্ষ ও ব্যক্তিগত জীবনে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক আচরণের রোল মডেল হতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলায় সাধারণ শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটাতে হবে।
কচুয়া সরকারি কলেজের প্রভাষক অর্পণা দেবের সঞ্চালনায় বক্তব্য দেন ও আলোচনায় অংশ নেন বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাস ও মো. আজিজুল হক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের চাঁদপুর শাখার প্রধান শিক্ষক মো.নুর খান, চাঁদপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস, তেতুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জিলানী চিশতী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন এবং উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান। এ ছাড়া জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তারা এবং চাঁদপুর জেলার প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সেমিনারের আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাবুরহাট শাখায় বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভারের আয়োজনে ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। পরে তিনি ডে ক্যাম্পে অংশগ্রহণকারী স্কাউটদের মধ্যে সনদ বিতরণ করেন।


