স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রেস্টুরেন্টের ফ্রিজে বিক্রির জন্য ইলিশ মাছ সংরক্ষণ, বাসি খাবার রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অন্যান্য অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা ১২ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছ তিনটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) চাঁদপুরের ওয়ারলেস বাজার ও বাবুরহাট বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ফ্রিজে বিক্রির জন্য ইলিশ মাছ সংরক্ষণ ও বিক্রি, বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে কাজী হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
এ ছাড়া ক্ষতিকর রাসায়নিক স্প্রে ব্যবহার করে কলা পাকানোর অপরাধে কলাব্যবসায়ী মো. হারুনকে ৫ হাজার টাকা, লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধ বিক্রির অপরাধে চাঁদপুর ভেটেরিনারি ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় হাসান এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, মৎস্য জরিপ কর্মকর্তা মোছা. ফারহানা আকতার রুমা এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে বিভিন্ন অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


