স্টাফ রিপোর্টার
মতলব উত্তর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন একাধিক ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।মঙ্গলবার চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মতলব উত্তর উপজেলার ৫ নম্বর দুর্গাপুর ইউনিয়নের খালপাড় দুর্গাপুর প্রধানিয়া বাড়ি এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে মোহাম্মদ আলী প্রধান (৪৫) নামের এক ব্যক্তিকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাঁর বিরুদ্ধে পূর্বের তিনটি ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তিনি আরও একটি ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি।
অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন, এসআই মো. আবদুর রহিম, এসআই মো.মিজানুর রহমান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল হোসেন।
অপরদিকে পৃথক অভিযানে এসআই আবদুর রহিম ও এএসআই মো. মিলন শেখ সঙ্গীয় ফোর্সসহ ৫ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের ঋষিপাড়া-সংলগ্ন কুদ্দুস চেয়ারম্যানের ইটভাটার সামনে বকুলতলা বেড়িবাঁধ পাকা সড়ক থেকে মুক্তার হোসেন (৪২) নামের আরেক ব্যক্তিকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করেন। তিনি মতলব উত্তর উপজেলার ১৪ নম্বর সুলতানাবাদ ইউনিয়নের উত্তর তাতুয়া গ্রামের বাসিন্দা।আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


