ডেঙ্গু প্রতিরোধ সম্মিলিতভাবে কাজ করতে হবে ॥ এমপি মানিক

স্টাফ রিপোর্টার

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হাইমচরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অভিযানের উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেককে নিজ নিজ বাড়িঘর, আঙিনা, আশপাশের পরিবেশ এবং কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য ব্যক্তি, পরিবার, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক আরও বলেন, পরিচ্ছন্নতা অভিযানকে শুধু একটি দিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশেষ করে বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, পানির পাত্র ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি হাইমচর উপজেলার সর্বস্তরের জনগণকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হাইমচর গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।