হাসান আলী সপ্রাবির ৬২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৬২ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।রোববার সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী, চিকিৎসক ও বিশ্বমানের নেতৃত্ব দেবে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে গড়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের খেলাধুলা ও মানসিক বিকাশের জন্য। এটি অন্য কোনো অননুমোদিত কাজে ব্যবহার করতে দেওয়া যাবে না। বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মান ও শৃঙ্খলা রক্ষায় শিক্ষক, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটিকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন। সহকারী শিক্ষক সৈয়দ মো. নুরুজ্জামান কাজলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনুন নাহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বৃত্তিপ্রাপ্ত ৬২ শিক্ষার্থীকে অতিথিরা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন।