স্টাফ রিপোর্টার
অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে চক্রের আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এই প্রতারণা চক্রের মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো।
মঙ্গলবার (৩ নভেম্বর) চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের শ্রী শান্ত শীল (২৫) এবং আমানউল্যাহ ইউনিয়নের মিঠুন সূত্রধর (২৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা চক্রের সহযোগী হিসেবে কাজ করতেন। তারা চক্রের ফেসবুক প্রচারণা, পেজের পোস্ট বুস্ট করা এবং ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করতেন।
অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ তিনটি মোবাইল ফোন, চারটি খোলা সিম, একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার পিসি জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, এর আগে পর্যায়ক্রমে এ চক্রের নয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ দুজনসহ মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
গ্রেপ্তারকৃতদের ৪ নভেম্বর ২০২৬ তারিখে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।


