স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে ও চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালনায় হাইমচর উপজেলার চরভৈরবীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৬ নম্বর চরভৈরবী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ক্যাম্প পরিচালিত হয়। এতে চার শতাধিক চক্ষু রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। পাশাপাশি ছানি অপারেশনের জন্য ৮৩ জন রোগীকে নির্বাচিত করা হয়েছে। তাঁদের অপারেশনের জন্য চাঁদপুর চক্ষু হাসপাতালে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোগীদের যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় চাঁদপুর রোটারী ক্লাব ও চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে প্রধানত ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন বহন করবে।
ক্যাম্পের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান কাজী শাহাদাত, পিএইচএফ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রোটারী ক্লাব ও চক্ষু হাসপাতালের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর রোটারী ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট অ্যাডভোকেট পলাশ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান অ্যাডভোকেট মাসুদ রানা, পিএইচএফ। শুভেচ্ছা বক্তব্য দেন রোটারিয়ান ডা. এস এম সহিদ উল্লাহ, চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জোবায়ের শিমুল, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম জিতু হাওলাদার ও সহসভাপতি মিজানুর রহমান প্রধানিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল। অনুষ্ঠানে রোটারিয়ান কাজী শাহাদাত চাঁদপুরে চক্ষু চিকিৎসাসেবা সম্প্রসারণে রোটারী ক্লাবের দীর্ঘদিনের অবদান তুলে ধরেন। তিনি জানান, চাঁদপুরে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার পেছনে রোটারী ক্লাবের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত ডাঃ নুরুর রহমান ও প্রতিষ্ঠাতা সহসভাপতি ডাঃ এমএ গফুরের অবদানের কথাও স্মরণ করেন তিনি।
তিনি আরও জানান, চাঁদপুরের দ্বিতীয় জেলা প্রশাসক এসএম শামসুল আলমের সহযোগিতায় রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাজহারুল হক ভূঁইয়ার অর্থায়নে তাঁর নামে চক্ষু হাসপাতালের ভবন নির্মিত হয়। ১৯৮৩ সালে ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উদ্বোধন করেন।
এ সময় চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি তমাল কুমার ঘোষ, ডাঃ এমজি ফারুক ভূঁইয়া, নাসির উদ্দিন খান, খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, প্রেসিডেন্ট ইলেক্ট উজ্জ্বল হোসাইন, সহসভাপতি গোপাল চন্দ্র সাহা, সেক্রেটারি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, জুয়েল হাসান, সাইফুল ইসলাম রনি, মানিক লাল দেবনাথসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
চক্ষু হাসপাতালের মেডিকেল টিমে দায়িত্ব পালন করেন ডাঃ মোঃ মশিউর রহমান, সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মোঃ আবু জাফর, প্রোগ্রাম অফিসার মো. আল আমিন, অপটোমেট্রিস্ট মোঃ মঈনুল হোসেন ও হাবিবুর রহমান এবং চিকিৎসা সহকারী ফয়সাল হোসেন ও ইমরান হোসেন।এছাড়া চাঁদপুর রোটার্যাক্ট ও রূপসী রোটার্যাক্ট ক্লাবের সদস্য এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন।


