১০০ শিক্ষার্থীকে পেলেন ১০ লাখ টাকা শিক্ষাসহায়তা

ইসহাক ইসলাম জায়ান

শিক্ষার পথ যেন আর্থিক সংকটে থেমে না যায়—এমন লক্ষ্য নিয়ে চাঁদপুরে ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে সমাজকল্যাণ পরিষদ। সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টায় চাঁদপুর শহরের মুনিরা ভবনে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্যের পক্ষে শিক্ষার্থীদের হাতে অ্যাকাউন্ট পে-চেক তুলে দেন চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ।

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী এ সহায়তা পেয়েছেন। প্রত্যেক শিক্ষার্থীর জন্য বরাদ্দ ছিল ১০ হাজার টাকা। শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখা এবং আর্থিক সংকট মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মামুন খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, মহিলা কলেজ ছাত্রদলের সভানেত্রী নাসিম আক্তার, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, জান্নাত, সাদিয়া আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শিক্ষার্থীদের মাঝে এ ধরনের আর্থিক সহায়তা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া ও অসচ্ছল পরিবারের সন্তানদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।