অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দলে মতলব উত্তরের রাকিবুল

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন চাঁদপুর মতলব উত্তর উপজেলার তরুণ ক্রিকেটার রাকিবুল হোসেন। ওমানে অনুষ্ঠিত ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন প্রতিভাবান এই অলরাউন্ডার।

রাকিবুল মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ফতুয়াকান্দি গ্রামের মরহুম মুহাম্মদ সাদেক হোসেনের দ্বিতীয় ছেলে। সম্প্রতি আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ব্যাট ও বল হাতে নজরকাড়া পারফরম্যান্স করে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বিশেষ করে গত ১৬ অক্টোবরের ম্যাচে লোয়ার-মিডল অর্ডারে ব্যাট করতে নেমে মাত্র ৭৮ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন রাকিবুল। তাঁর এই দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিং দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সমান দক্ষতা দেখাচ্ছেন এই তরুণ অলরাউন্ডার। দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে চাপ সৃষ্টি করতে সক্ষম তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত ১৫ সদস্যের দলে রাকিবুলের অন্তর্ভুক্তি তাঁর ক্রিকেটীয় ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। আগামী ৫ নভেম্বর ওমানে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে। এরপর ৭ নভেম্বর শ্রীলঙ্কা ও ৯ নভেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল।

রাকিবুলের এমন সাফল্যে আনন্দিত তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসী। আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করে ভালো পারফরম্যান্সের মাধ্যমে চাঁদপুরের মুখ উজ্জ্বল করবেন—এমন প্রত্যাশা তাঁদের।