স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ যৌথভাবে ফরিদগঞ্জে বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে। এসময় ফুটপাত দখল ও নানা অনিয়মের দায়ে বনফুল, রাহা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ও পিপাসা হোটেলসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান মানিক। অভিযানে আইনগত সহায়তা প্রদান করেন ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁনসহ অন্যান্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চত্বর থেকে কেরোয়া মোড় হয়ে থানা চত্বর পর্যন্ত মূল সড়কের দুই পাশের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে একটি মহল। এতে ফল দোকান, কাপড় দোকান, হোটেল ও রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকানের সামনে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান মানিক জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং পৌরসভার ট্রাকে করে মালামাল জব্দ করা হয়। এছাড়া যেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করা নেই, তাদেরকে আগামী সাত দিনের মধ্যে তা হালনাগাদ করার কঠোর নির্দেশ দেওয়া হয়। সাধারণ মানুষের চলাচলের সুবিধা এবং জনদুর্ভোগ কমাতে এই উদ্যোগ। পৌর প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


