চালু হচ্ছে মাদক ওরিয়েন্টেশন প্রোগ্রাম

স্টাফ রিপোর্টার:

বর্তমানে সবচেয়ে আলোচিত অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম মাদক ও কিশোর গ্যাং| মাদকের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে কিশোর ও যুবকরা| আর এতে প্রতিনিয়ত আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে| তবে সচেতন মহল মনে করছেন শুধু আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে নয়, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে প্রয়োজন জনসচেতনতা| আর এই সচেতনতা শুধু কিশোর ও যুবকদের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রয়োজন অভিভাবকদেরও| মাদক এবং কিশোর গ্যাং ইভটিজিং সহ সামাজিক ব্যাধিগুলো সম্পর্কে যুব সমাজকে সচেতন করা সম্ভব হলে কমে আসবে অপরাধমূলক কর্মকাণ্ড|

এদিকে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিষয়ে প্রায় প্রতিটি অনুষ্ঠানেই বারবার তুলে ধরছেন চাঁদপুর-০৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক| তবে এবার শুধু বক্তব্য বা আলোচনায় নয় মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ওরিয়েন্টেশন প্রোগ্রাম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি|

তিনি বলেন, শুধুমাত্র মামলা দিয়ে কিশোরদের জীবন নষ্ট না করে তাদের কাউন্সেলিং ও ওরিয়েন্টেশনের মাধ্যমে ভালো পথে ফিরিয়ে আনতে হবে এবং কিশোর গ্যাংয়ের গডফাদারদের চিহ্নিত করতে হবে| পাশাপাশি তিনি আরো জানান, মাদক প্রতিরোধে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করা হবে| এসব কমিটির সদস্যরা সন্ধ্যার পর প্রতিটি এলাকায় টহল ও নজরদারি করবেন যাতে সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং দূর করা সম্ভব হয়|

গতকাল শনিবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান|

তিনি আরো বলেন, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং এসব সমস্যার জন্য শুধু পুলিশকে দায়ী করলে হবে না| সমাজের সচেতন মানুষ, ব্যবসায়ী, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে|

শেখ ফরিদ আহমেদ মানিক এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী চাঁদপুরে আগমন উপলক্ষে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বশীল ব্যক্তিরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, তা ভুলবার মতো নয়| একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পুরো প্রোগ্রাম সম্পন্ন হয়েছে এবং চাঁদপুর সদর থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি| এজন্য তিনি চাঁদপুর সদরের সকল দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান|
তিনি আরো বলেন, আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে| ঈদকে ঘিরে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, যানজট ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে| শুধু প্রশাসনের একার পক্ষে সবকিছু সম্ভব নয়, হাট ইজারাদার ও সংশ্লিষ্টদেরও সমš^য়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে| সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত মনিটরিং থাকলে সবাই দায়িত্বশীলভাবে কাজ করবে এবং ঈদ উদযাপন সুন্দরভাবে সম্পন্ন হবে|

তিনি বলেন, আগে সমাজের মুরব্বিরা এলাকায় ঘোরাফেরা করলে তরুণরা ভয় পেতো ও খারাপ কাজ থেকে দূরে থাকতো| সেই সামাজিক পরিবেশ আবার ফিরিয়ে আনতে হবে| প্রথমে এক-দুইটি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করা হবে| সফল হলে তা ব্যাপকভাবে বাস্তবায়ন করা হবে|

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদ, কোস্টগার্ড প্রতিনিধি, নৌ পুলিশ প্রতিনিধি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নূরুল ইসলাম পাঠান, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, শাহমাহমুদপুর ইউনিয়নের সচিব এম এ কুদ্দুস রোকন, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী প্রমুখ|

এছাড়াও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আনসার ও ভিডিপি সদস্য, নৌ পুলিশ ও কোস্টগার্ডের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|