মতলব উত্তরে ডোবায় পড়ে শিশুর মৃত্যু 

স্টাফ রিপোর্টার, মতলব, চাঁদপুর:

মতলব উত্তরে ডোবায় পড়ে মাঈমুনা আক্তার (২) শিশুর মৃত্যু হয়েছে।

জানা যায়, বুধবার (১২ জুন) বিকেলে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাঈমুনা আক্তার নন্দলালপুর গ্রামের বেপারি বাড়ির সেনাসদস্য মোশাররফ হোসেনের মেয়ে। মোশারফ হোসেন বর্তমানে শান্তিমিশনে কুয়েতে আছেন। এক ভাই ও দুই বোনের মধ্যে মাঈমুনা ছিল সবার ছোট।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে মাঈমুনা খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে ডোবার পানি থেকে উদ্ধার করে স্বজনরা। সে সময় তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।