চাঁদপুর প্রতিনিধি:
দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে চাঁদপুর জেলা প্রশাসন। গতকাল বুধবার (০৩ জুন) সন্ধ্যা ৭টা থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জরুরি পরিষেবা ছাড়া অন্য সব ধরনের দোকানপাট, শপিংমল, বিলবোর্ডের আলো, চলমান মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের পরিপত্র কার্যকর করা হয়।
অভিযান চলাকালে শহরের বিপণীবাগ, চিত্রলেখার মোড়, নতুন বাজার, প্রেসক্লাব মোড়, পালবাজার, কালিবাড়ি মোড়, হাকিম প্লাজা শপিং মল, হকার্স মার্কেট, ওয়ারলেস মোড় এবং বাবুরহাট এলাকায় তৎপরতা চালানো হয়।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখা কিছু দোকানকে তাৎক্ষণিক জরিমানা করা হয়। একই সাথে জরুরি সেবা ব্যতীত বাকি সব দোকানপাট তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় এবং ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয়ের এই লক্ষ্য বাস্তবায়নে চাঁদপুরে জেলা প্রশাসনের এরূপ অভিযান ও নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এই জাতীয় উদ্যোগ সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুরবাসী ও সকল ব্যবসায়ী মহলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।


